জাতীয়

নারী এমপিদের বেতন-ভাতা: যা পান সংরক্ষিত আসনের সদস্যরা

২১ এপ্রিল ২০২৬, ১১:১১:২৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। নির্বাচন কমিশন ও সংসদীয় কার্যপ্রণালী নীতি অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের এমপিরা সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ, ১৯৭৩’ (সর্বশেষ সংশোধিত ২০১৬) অনুযায়ী তাঁদের এই বেতন-ভাতা নির্ধারিত হয়।

বেতন ও মাসিক ভাতাসমূহ:
একজন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মাসিক মূল বেতন ৫৫ হাজার টাকা। এর বাইরে তিনি প্রতি মাসে ১২ হাজার ৫০০ টাকা নির্বাচনী এলাকা ভাতা এবং ৫ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান। যাতায়াত ও গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসিক ৭০ হাজার টাকা যাতায়াত ভাতা এবং নির্বাচনী এলাকার অফিস পরিচালনার জন্য আরও ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে।

দৈনন্দিন ও চিকিৎসা সুবিধা:
ব্যক্তিগত প্রয়োজনে লন্ড্রি ভাতার জন্য ১ হাজার ৫০০ টাকা এবং বাসনপত্র ও টয়লেট্রিজসহ আনুষঙ্গিক খরচের জন্য ৬ হাজার টাকা বিবিধ ভাতা পান তাঁরা। চিকিৎসা সুবিধার ক্ষেত্রে সংসদ সদস্য ও তাঁদের পরিবার সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের রাষ্ট্রীয় সুবিধা পান এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়।

গাড়ি ও ভ্রমণ সুবিধা:
আইন অনুযায়ী, সংসদ সদস্যরা ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানির সুযোগ পান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদের এমপিরা এই সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া দেশে যাতায়াতের জন্য বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা বা সমমূল্যের ট্রাভেল পাস বরাদ্দ থাকে। অধিবেশন চলাকালীন দৈনিক ৮০০ টাকা এবং অন্যান্য সময় ৭৫০ টাকা ভাতা পান তাঁরা।

অন্যান্য সুবিধা:
নিরাপত্তার জন্য সংসদ সদস্যদের ১০ লাখ টাকার সরকারি বিমা সুবিধা রয়েছে। এছাড়া জনকল্যাণমূলক কাজের জন্য প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান বিলি করার ক্ষমতা রাখেন তাঁরা। ঢাকার ন্যাম ভবনে তাঁদের জন্য বিশেষ ফ্ল্যাটের ব্যবস্থাও থাকে। উল্লেখ্য, সংসদ সদস্যদের প্রাপ্ত এসব মাসিক ভাতা সম্পূর্ণ আয়করমুক্ত।

আরও খবর:

বিবিধ