২৮ জুন ২০২৬, ১০:৪০:০২
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় কোনো শিশুই যেন টিকা খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (২৮ জুন) সকালে নগর ভবনের টিকাদান কেন্দ্রে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, “বিকাশমান এই রাষ্ট্রের মূল শক্তি হলো আজকের শিশুরা। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষায় জন্মের পর থেকেই প্রয়োজনীয় রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হচ্ছে। শিশুদের নানা মরণব্যাধি ও শারীরিক জটিলতা থেকে মুক্ত রাখতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, ভিটামিন ‘এ’ শিশুদের শুধু রাতকানা রোগ থেকে মুক্ত রাখে না, বরং ডায়রিয়া, রক্তশূন্যতা এবং হামের মতো জটিল রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধির জন্য এই টিকা অপরিহার্য বলে তিনি জানান।
ক্যাম্পেইনের তথ্য অনুযায়ী, নাসিক এলাকায় ৩৪০টি কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮০০ জন স্বাস্থ্যকর্মী এই কাজে নিয়োজিত থাকছেন। প্রশাসক জানান, যারা আজ কোনো কারণে কেন্দ্রে আসতে পারেননি, তাদের জন্য পরবর্তী ১৫ দিন এই বিশেষ সেবা পাওয়ার সুযোগ থাকবে।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী ও ডা. নাফিয়া ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

















