২২ অক্টোবর ২০২৬, ৯:৪৯:৩৩
সাইবার হামলার শঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
পিএইচপি কোডের ত্রুটি ও বৈশ্বিক সাইবার হামলার আশঙ্কায় সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা যাচাই শেষে এটি চালুর কাজ চলছে।
বৈশ্বিক সাইবার নিরাপত্তা ঝুঁকিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পিএইচপি প্রোগ্রামিং ভাষার কোডের ত্রুটি দেখা দেওয়ায় বাড়তি সতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে নিজেদের ওয়েবসাইট বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপির সার্ভারে কিছু গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় ম্যালওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত কোড বা নির্দেশনা কার্যকর করতে পারে। এর ফলে সার্ভারের গুরুত্বপূর্ণ ডেটাবেজ, ফাইল ও গোপনীয় তথ্য বড় ধরনের সাইবার হামলার মুখে পড়তে পারে। এই বৈশ্বিক শঙ্কার পেক্ষাপটে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মতো বাংলাদেশ ব্যাংকও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের সুরক্ষায় এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, সম্ভাব্য সাইবার ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এবং নিরাপত্তা যাচাই-বাছাই সম্পন্ন করতে সাময়িকভাবে ওয়েবসাইট ডাউন রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ ও প্রয়োজনীয় প্রযুক্তিগত নিরাপত্তা হালনাগাদ শেষে দ্রুতই ওয়েবসাইটটি আবার চালু করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রযুক্তিবিদরা বর্তমানে সার্ভারের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে সরকারি সূত্র জানিয়েছে, ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্কের আওতায় থাকা দেশের অধিকাংশ সরকারি ওয়েবসাইট এই নির্দিষ্ট ত্রুটির মুখে সরাসরি পড়ছে না। তা সত্ত্বেও সরকারি সাইবার নিরাপত্তা এজেন্সি বিজিডি ই-গভ সার্ট থেকে সব সংবেদনশীল প্রতিষ্ঠানকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে ব্যবহৃত পিএইচপি ও অন্যান্য প্রযুক্তির সংস্করণ দ্রুত যাচাই করে নিরাপত্তা আপডেট নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা সম্ভব না হলে সার্ভারে প্রবেশাধিকার সীমিত করা এবং সন্দেহজনক বা অননুমোদিত সংযোগের ওপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা সাধারণ মানুষের মাঝে কিছুটা উদ্বেগ সৃষ্টি করলেও এটি তথ্য সুরক্ষার স্বার্থে একটি সময়োপযোগী ও পেশাদার পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ঝুঁকি পুরোপুরি দূর হওয়ার পরই সাইটটির পূর্ণাঙ্গ কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

















