স্বাস্থ্য

অবশেষে ওএসডি হলেন নারায়ণগঞ্জের বিতর্কিত সিভিল সার্জন মুশিউর রহমান

২১ আগস্ট ২০২৬, ৪:১৪:৩৫

অনিয়ম ও অডিও ফাঁস: বদলি হলেন নারায়ণগঞ্জের বিতর্কিত সিভিল সার্জন মুশিউর রহমান

নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্য প্রশাসনকে ঘিরে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেট ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অবসান ঘটাতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দীর্ঘ চার বছর ধরে একই স্থানে কর্মরত থাকার পর অবশেষে জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। তার পরিবর্তে নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এস এম সাখাওয়াত হোসেন।

গত বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। নতুন সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন এর আগে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা।

অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জের সরকারি স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরে একদল অসাধু কর্মকর্তার ব্যক্তিগত আয়ের উৎসে পরিণত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়কে ঘিরে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্রের কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আজ চরম সংকটে। এই দুর্নীতির নেপথ্যে অন্যতম প্রধান মুখ হিসেবে ডা. মুশিউর রহমানের নাম উঠে এসেছে। তার দায়িত্বকালে জেলার বহু বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার যথাযথ তদারকি ছাড়াই পরিচালিত হচ্ছিল। সাধারণত সিভিল সার্জন পদে ২-৩ বছর থাকার নিয়ম থাকলেও তিনি চার বছর ধরে এখানে দায়িত্বরত ছিলেন, যা তার প্রশাসনিক প্রভাব ও স্বেচ্ছাচারিতার সুযোগ তৈরি করেছিল।

গত জুন মাসে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সে সময় সিভিল সার্জন কেন চার বছর ধরে একই স্থানে আছেন তা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছিলেন। এছাড়া সম্প্রতি একজন প্রয়াত নার্সের পেনশনের টাকা ছাড় করানোর বিনিময়ে ডা. মুশিউরের টাকা দাবির একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিতর্কিত অডিও ভাইরালের কয়েক দিনের মাথায় তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিদায়ী সিভিল সার্জন ডা. মুশিউর রহমান এবং নবনিযুক্ত ডা. সাখাওয়াত হোসেন উভয়কেই আগামী ২৪ আগস্টের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুধু সিভিল সার্জন বদলিই নয়, জেলার সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল সংশ্লিষ্ট আরও একাধিক কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। স্বাস্থ্য খাতের যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই নজরদারি বাড়ানো হয়েছে । স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের প্রত্যাশা, এই পরিবর্তনের মাধ্যমে নারায়ণগঞ্জের ‘আইসিইউ’তে থাকা স্বাস্থ্যসেবা আবার প্রাণ ফিরে পাবে।

আরও খবর:

বিবিধ