২১ আগস্ট ২০২৬, ৬:০৪:১৪
বর্তমান সময়ের ডিজিটাল অপরাধ মোকাবিলায় তদন্তকারী কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সাইবার ক্রাইম বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে তথ্য সংগ্রহের আইনি প্রক্রিয়া’ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিআইডির (সিপিসি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. খাইরুল আলম। তিনি উপস্থিত কর্মকর্তাদের সাইবার জগতের অপরাধ শনাক্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখান।
প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ছাড়াও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি শাখার ২০ জন উপপরিদর্শক (এসআই) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং গুগল থেকে আইনি প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের নথিবদ্ধকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন তথ্য বিশ্লেষণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমান সময়ে অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে। তাই মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রযুক্তিগত জ্ঞান এবং সাইবার তদন্তে দক্ষ হওয়া জরুরি। এই কর্মশালার মাধ্যমে কর্মকর্তারা ডিজিটাল তথ্যপ্রমাণ সংগ্রহে আরও পারদর্শী হয়ে উঠবেন, যা অপরাধ দমনে সহায়ক হবে।

















