সারাদেশ

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন: রক্ষা পেল ৩০০ কোটির ট্রান্সফরমার

১ মে ২০২৬, ১১:৫৫:৫২

বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত পাওয়ার প্লান্টের একটি বিদ্যুৎ উপকন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের একটি শক্তিশালী ট্রান্সফরমারে এই আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় একটি বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জে অবস্থিত ৩৫০ মেগাওয়াট ক্ষমতার ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্লান্টের সাবস্টেশনে হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপরই ২৩০/১৩২ কেভি ক্ষমতাসম্পন্ন ৩০০ এমভিএ ট্রান্সফরমারটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।

খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল। সময়মতো আগুন নিয়ন্ত্রণে না এলে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের সম্পদ রক্ষা পেয়েছে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত তাপ বা কারিগরি কোনো ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্র ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ