রাজনীতি

১৩ নারী প্রার্থীর নাম ঘোষণা করলো জামায়াতসহ ১১ দলীয় জোট

২০ এপ্রিল ২০২৬, ১০:৫০:০১

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাতিষ্ঠানিকভাবে এই নামগুলো ঘোষণা করা হয়।

জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ সংবাদ সম্মেলনে জানান, প্রাপ্ত আসনের আনুপাতিক হার অনুযায়ী এই মনোনয়ন প্রদান করা হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, ১১ দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামী নিজেদের জন্য ৮টি আসন বরাদ্দ রেখেছে। এছাড়া জোটের অন্য শরিকদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দুটি, জাগপা একটি এবং বাংলাদেশ খেলাফত মজলিস একটি আসন পেয়েছে।

এই মনোনয়নের অন্যতম বিশেষ দিক হলো গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের অংশগ্রহণ। বিশেষ ক্যাটাগরিতে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনীত প্রার্থীদের তালিকা:
জামায়াতে ইসলামীর প থেকে মনোনয়ন পেয়েছেন— নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার। এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। জাগপা থেকে দলটির বর্তমান চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাহবুবা হাকিম মনোনীত হয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনীত এই প্রার্থীরা নির্বাচন কমিশনে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করবেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করায় তারা নীতিগতভাবে এই ১৩টি সংরক্ষিত আসন লাভ করেছে। একই দিনে প্রধান রাজনৈতিক দল বিএনপিও তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।

আরও খবর:

বিবিধ