২৬ এপ্রিল ২০২৬, ১১:৩১:২৭
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, তাকে একের পর এক মামলায় গ্রেপ্তার বা ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (২৬ এপ্রিল) বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
আইনজীবীরা জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যেই ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে সম্প্রতি আরও নতুন দুটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এভাবে বারবার গ্রেপ্তার দেখানোর বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সেই আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহতের ঘটনায় করা হত্যা মামলায় আইভীকে ১২ নম্বর আসামি করা হয়। গত বছরের ৯ মে ভোরে তার দেওভোগের বাসভবন ‘চুনকা কুঠির’ থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর থেকে তিনি পর্যায়ক্রমে ১২টি মামলায় গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী রয়েছেন।
এই আদেশের ফলে সাবেক এই মেয়রের আইনজীবীরা আশা করছেন, তাকে নতুন মামলা দিয়ে আর হয়রানি করা হবে না এবং আইনি প্রক্রিয়ায় তার মুক্তির পথ আরও সহজ হবে।

















