খেলা

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং: পাকিস্তানকে টপকে সাতে বাংলাদেশের নারীরা

২ মে ২০২৬, ১২:৫২:৫১

আইসিসির প্রকাশিত সর্বশেষ বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দারুণ সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে টাইগ্রেসরা। শুক্রবার আইসিসি এই নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে।

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিং:
নতুন এই বার্ষিক আপডেটে নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ১২৮ পয়েন্ট নিয়ে আছে ইংল্যান্ড। ১২৪ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা (১০০), পঞ্চম নিউজিল্যান্ড (৯৩) এবং ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা (৮৯)। তবে বড় পরিবর্তন এসেছে সপ্তম স্থানে। ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৭২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে পাকিস্তান। তালিকার নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং দশম আয়ারল্যান্ড।

পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিং:
টেস্ট ক্রিকেটের হালনাগাদেও নিজেদের এক নম্বর স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া (১৩১)। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (১১৯)। ১০৪ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় এবং ১০২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ স্থানে অবস্থান করছে। ইংল্যান্ডের অবনমনের অন্যতম কারণ হলো ২০২৩ সালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অর্জিত কিছু বড় জয়ের ফলাফল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়া। এছাড়া শ্রীলঙ্কাকে সরিয়ে পাকিস্তান টেস্ট র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে এসেছে। পর্যাপ্ত ম্যাচ না খেলায় এই তালিকা থেকে আপাতত ছিটকে গেছে আয়ারল্যান্ড।

আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে পুরুষ ও নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের বার্ষিক আপডেট প্রকাশ করা হবে।

আরও খবর:

বিবিধ