২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪:২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রূপকথার জন্ম দিল পাঞ্জাব কিংস। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়েছে তারা। শনিবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ঐতিহাসিক এই জয় তুলে নেয় পাঞ্জাব।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। ওপেনার লোকেশ রাহুলের দানবীয় ব্যাটিংয়ে ২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। রাহুল মাত্র ৬৭ বলে ১৫২ রানের এক অপস্মরণীয় ইনিংস খেলেন, যা আইপিএল ইতিহাসে কোনো ভারতীয়র প্রথম সার্ধশতক। তাকে যোগ্য সঙ্গ দেন নিতিশ রানা, যিনি ৪৪ বলে ৯১ রান করেন। তাদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ২২০ রান।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লির বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান পাঞ্জাবের দুই ওপেনার প্রভশিমরন সিং ও প্রিয়াংশ আর্য। পাওয়ার প্লে-র ৬ ওভারেই তারা স্কোরবোর্ডে রেকর্ড ১১৬ রান যোগ করেন। প্রিয়াংশ আর্য ১৭ বলে ৪৩ রান করে বিদায় নিলেও প্রভশিমরন মাত্র ২৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ওপেনিং জুটিতেই আসে ১২৬ রান।
পরবর্তীতে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের হার না মানা ৩৬ বলে ৭১ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। নেহাল ওয়াধিরা করেন ১৫ বলে ২৫ রান। শেষ পর্যন্ত ৮ বল হাতে রেখেই বিশ্বজয়ের উল্লাসে মেতে ওঠে ফ্র্যাঞ্চাইজিটি।
উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটিও ছিল পাঞ্জাব কিংসের দখলেই। ২০২৪ সালে তারা ২৩৩ রান তাড়া করে জিতেছিল। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা (২৫৯ রান)।

















