২১ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৪:৫২
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রীনিবাসে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা আক্তার নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। কুরিয়ারে আসা একটি সন্দেহজনক পার্সেল থেকে এই মাদক উদ্ধার করা হয়।
কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ ছাত্রীনিবাস থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা আক্তার (২২) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলেজ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালিয়ে ইয়াবার বড় এই চালানটি উদ্ধার করা হয়। আটক শরিফা কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দোলনচাঁপা ছাত্রীনিবাসের ২০০৭ নম্বর কক্ষে থাকতেন। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আলী আকবরপাড়ার লিয়াকত আলীর মেয়ে।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) শরিফা আক্তার ছাত্রীনিবাস থেকে বাড়িতে যান। তার অনুপস্থিতিতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছাত্রীনিবাসের ঠিকানায় একটি পার্সেল আসে। শরিফার অনুরোধে অন্য এক ছাত্রী পার্সেলটি গ্রহণ করে তার কক্ষের খাটের নিচে রেখে দেন। পরবর্তীতে কক্ষ তদারকির সময় পার্সেলটি দেখে হোস্টেল মেট্রনের সন্দেহ হয়। মেট্রন বিষয়টি হোস্টেল সুপারকে জানালে কর্তৃপক্ষ শরিফাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেওয়া হয়।
কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদুল ইসলাম জানান, পার্সেলটি শরিফার খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শরিফা দাবি করেছেন, টেকনাফের এক আত্মীয় এটি তার কাছে রাখতে দিয়েছিলেন। এর সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ২০ হাজার পিস ইয়াবাসহ ওই ছাত্রীকে আটক করা হয়েছে। আমাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, তিনি এর আগেও মাদক পরিবহনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এই ঘটনার পেছনে একটি বড় মাদক চোরাচালান চক্র কাজ করছে। আটক ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

















