১৬ এপ্রিল ২০২৬, ১২:১৮:২০
ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি: যুবদলের সভাপতি ও সম্পাদকসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অভিযুক্ত তিন যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং লিয়ন মাহমুদ আকাশ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল ফতুল্লার এনায়েতনগর শাসনগাঁও এলাকার চাঁদনী হাউজিংয়ে গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই সহিংসতায় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন।
ঘটনার পর ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে কুয়াকাটায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুয়াকাটার ‘হোটেল গ্র্যান্ড সাফা ইন’-এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের কুয়াকাটা থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জে আনা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।











