জাতীয়

সরকারি কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকে বকেয়াসহ বাড়তি ভাতা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬:৫২

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়। প্রজ্ঞাপনটি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়। নতুন এই বেতন কাঠামোর ফলে আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা বর্ধিত হারে মূল বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

যেভাবে কার্যকর হবে নতুন বেতন
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতনও পাবেন। নতুন কাঠামো অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন, যা ২০২৬ সালের ৩০ জুনের আহরিত বেতনের সাথে যুক্ত হবে।

পরবর্তী ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেল শতভাগ কার্যকর হবে। এছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে অন্যান্য নতুন ভাতা ও পেনশন সুবিধা পূর্ণাঙ্গভাবে প্রদান করা হবে।

বাড়ি ভাড়ার নতুন হার
নতুন প্রজ্ঞাপনে অবস্থান ও গ্রেডভেদে বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। ১০ম থেকে ১৫তম গ্রেডের চাকরিজীবীরা পাবেন ৫০ শতাংশ এবং ৫ থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা পাবেন ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া।

বেতন বৃদ্ধির হার
নবম জাতীয় বেতন কমিশনের প্রস্তাবনার আলোকে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ছে। অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন বৃদ্ধি পাবে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।

উল্লেখ্য, জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির পর্যালোচনায় মন্ত্রিসভা বৈঠকের অনুমোদনের পর প্রজ্ঞাপনটি জারি করা হলো।

আরও খবর:

বিবিধ