সারাদেশ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া, প্রতিবাদে সোচ্চার যাত্রী অধিকার ফোরাম

৪ মে ২০২৬, ১:৪৯:৪১

নারায়ণগঞ্জ: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলোতে ৫ টাকা বাড়তি ভাড়া কার্যকরের প্রতিবাদ জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। সরকারি হিসেব অনুযায়ী যেখানে ভাড়া সর্বোচ্চ ২ টাকা ১৮ পয়সা বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে ৫ টাকা বাড়ানোকে অযৌক্তিক ও জনবিরোধী বলে দাবি করেছে সংগঠনটি।

গত ১ মে থেকে বন্ধন ও উৎসবসহ এই রুটের সকল পরিবহনে ভাড়া ৫০ টাকার পরিবর্তে ৫৫ টাকা করে আদায় করা হচ্ছে। পরিবহন মালিকদের দাবি, দূরত্ব ও ফ্লাইওভারের টোল বিবেচনা করলে ভাড়া আরও বেশি হওয়া উচিত। উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক কাজল মৃধা জানান, ঢাকার দূরত্ব ২০ কিলোমিটার এবং ফ্লাইওভারের টোলসহ হিসেব করলে ভাড়া ৫৮ টাকা হয়, তবে তারা জনপ্রতিনিধিদের অনুরোধে ৫৫ টাকা নির্ধারণ করেছেন।

অন্যদিকে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া কিলোমিটার প্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে। সেই হিসেবে সাড়ে ১৯ কিলোমিটারে ভাড়া বৃদ্ধি পায় মাত্র ২ টাকা ১৮ পয়সা। কিন্তু পরিবহন মালিকরা ৫ টাকা বাড়িয়ে সাধারণ যাত্রীদের পকেট কাটছে। তিনি আরও অভিযোগ করেন, ভাড়া বৃদ্ধির এই প্রক্রিয়ায় জেলা প্রশাসন বা আরটিসির সাথে কোনো আলোচনা করা হয়নি যা নজিরবিহীন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির জানিয়েছেন, বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি সরকারি প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা যাচাই করা হবে। প্রজ্ঞাপন লঙ্ঘন করে বাড়তি ভাড়া নেওয়ার প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম দাবি করেছে, বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও তা সমন্বয় করতে হবে এবং সেই সাথে ঢাক-নারায়ণগঞ্জ রুটের ভাড়া কমিয়ে আনতে হবে। বাস ভাড়া নিয়ে এই জটিলতায় সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

আরও খবর:

বিবিধ