সারাদেশ

১৩ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযান: কঠোর হুঁশিয়ারি প্রশাসকের

১১ এপ্রিল ২০২৬, ১২:১৮:১১

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের নয়, বরং সকল নাগরিকের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে চান। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আলী আহম্মদ চুনকা মিলনায়তন ও নগরভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

প্রশাসক জানান, আগামী ১৩ এপ্রিল থেকে শহরের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হবে। অভিযান শুরুর আগে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হবে। মূলত জিয়া হল থেকে বাপ্পি চত্বর এবং চাষাঢ়া মোড় থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত এলাকাকে প্রথম ধাপে হকারমুক্ত করা হবে। সাখাওয়াত হোসেন বলেন, কোনো মার্কেটের সামনে পুনরায় হকার বসলে তার দায়ভার সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে নিতে হবে।

নগরের যানজট ও পরিবহন খাতের অনিয়ম নিয়ে প্রশাসক বলেন, লাইসেন্সবিহীন কোনো অটোরিকশা সিটি এলাকায় চলতে দেওয়া হবে না। একই সঙ্গে একজনের নামে অতিরিক্ত প্লেট বা অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবহন খাতে রাজস্ব ফাঁকি ও দুর্নীতিরোধে আগামী অর্থবছর থেকে ঘাট ও স্ট্যান্ডের ইজারা পদ্ধতি বাতিলের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নারায়ণগঞ্জে একটি উড়াল ট্রেন (Elevated Train) প্রকল্পের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি, যা শহরের বাপ্পি চত্বর থেকে সাইনবোর্ড ও পঞ্চবটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে সংযুক্ত করবে। পানির সমস্যা দূর করতে মেঘনা নদী থেকে পানি সরবরাহ এবং পুরনো পাইপলাইন পরিবর্তনের কাজ দ্রুত শুরু হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সভায় নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ এবং বিএনপির অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের পরিকল্পিত পুনর্বাসনের ওপর জোর দেন।

আরও খবর:

বিবিধ