২০ জুন ২০২৬, ১০:১৩:৪৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ বছর বয়সী এক শিশু। শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি আন্ডারপাস এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সিনথিয়া রহমান হুমাইরা। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার এলাকার মো. আশিকুর রহমান শামীমের মেয়ে। এই ঘটনায় নিহতের বাবা-মাসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঢাকামুখী একটি অটোরিকশাকে একই দিক থেকে আসা একটি প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিশু হুমাইরার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক চালককে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

















