সারাদেশ

একযুগ পর গতি ফিরছে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্পে

১৯ আগস্ট ২০২৬, ৩:১৩:০৪

দীর্ঘ একযুগের প্রতীক্ষা শেষে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল রেললাইন প্রকল্প। নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের নির্মাণ কাজ। এটি সম্পন্ন হলে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত মাত্র ১৫ থেকে ২০ মিনিট পর পর ট্রেন চলাচল সম্ভব হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ২০১৪ সালের জুলাই মাসে এই প্রকল্পের কাজ শুরু হলেও দীর্ঘ ১০ বছর ধরে নানা জটিলতায় তা থমকে ছিল। শুরুতে এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা। তবে সময়ক্ষেপণের ফলে বর্তমানে প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ বেড়ে ৬৫৮ কোটি ৩৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ মাঝপথে রেখে চলে যাওয়ার পর ২০২৫ সালে ভারতীয় ও দেশীয় যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে কাজ পুনরায় শুরু হয়।

প্রকল্পের আওতায় জুরাইন থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৯ দশমিক ৯১ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন ভবন ও প্লাটফর্মের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পের বর্তমান ভৌত অগ্রগতি দাঁড়িয়েছে ৫৭ দশমিক ২০ শতাংশে। রেলওয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে শতভাগ কাজ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রীরা এর সুফল আরও আগেই পেতে শুরু করবেন।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান জানান, বর্তমানে একটি লাইন থাকায় দিনে মাত্র ৮ বার ট্রেন আসা-যাওয়া করতে পারে। ডাবল লাইন চালু হলে এই সংখ্যা ২০ বারে উন্নীত হবে। এতে করে নারায়ণগঞ্জ ও আশপাশের জেলা যেমন- মুন্সিগঞ্জ বা গজারিয়ার যাত্রীরা লঞ্চ থেকে নেমেই সহজে ট্রেনে যাতায়াত করতে পারবেন। এতে যাত্রী ভোগান্তি কমার পাশাপাশি ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, বর্তমানে এই প্রকল্পে ২২টি মাইনর সেতু, ৫টি আধুনিক স্টেশন ভবন এবং কম্পিউটারভিত্তিক সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজ চলমান রয়েছে।

আরও খবর:

বিবিধ