সারাদেশ

দখলবাজি ও হামলায় বেপরোয়া সাবেক কাউন্সিলর ইকবাল, বিব্রত বিএনপি

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪:৩২

নারায়ণগঞ্জে একের পর এক দখলবাজি, হামলা এবং নানা অপকর্মের অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে। তার এসব বিতর্কিত কর্মকাণ্ডের ফলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর ফতুল্লার ভুঁইগড় এলাকায় একটি জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. কাশেম মোল্লা ও তার স্ত্রী কহিনূর আক্তার পাপিয়া দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে ইকবালের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘ ১০ বছর ধরে তারা ওই সম্পত্তির বৈধ মালিক হিসেবে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি আদালতের নির্দেশে তফসিল অফিসের কর্মকর্তারা জমি পরিদর্শনে গেলে ইকবাল ও তার সহযোগীরা সেখানে হামলা চালিয়ে তাদের আহত করেন। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগেও একাধিক অপরাধমূলক কার্যকলাপে নাম এসেছে এই বিএনপি নেতার। চলতি বছরের জুনে মিজমিজি কান্দাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ল্যাম্পপোস্ট মেরামতের কাজে বাধা দেওয়া এবং নগর ভবনের সচিব মো. মেহেদী হাসানকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এ ছাড়া চলতি বছরের জুনেই এক ব্যবসায়ীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগেও সংবাদ সম্মেলন করেছিলেন এক ভুক্তভোগী।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের এক সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অপরাধে ২০২৪ সালের ডিসেম্বরে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল ইকবাল হোসেনকে। যদিও পরবর্তীতে জাতীয় নির্বাচনের আগে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়, তবে তার কার্যকলাপে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে অভিযুক্ত ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর:

বিবিধ