চাকুরি

বেকারদের সুখবর: দ্রুত শুরু হচ্ছে ৪ লাখ ৬৮ হাজার পদে নিয়োগ প্রক্রিয়া

১৬ এপ্রিল ২০২৬, ১০:০২:৩৯

সরকারি চাকরিতে জনবল সংকটের মুখে বিশাল নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে সব মিলিয়ে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। বিপুল এই শূন্যপদ পূরণে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, সরকারি সেবা গতিশীল করতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পদবিন্যাস ও পরিসংখ্যান:
জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন গ্রেডে শূন্যপদের সংখ্যা নিম্নরূপ:

  • ১ম থেকে ৯ম গ্রেড: ৬৮ হাজার ৮৮৪টি পদ।
  • ১০ম থেকে ১২তম গ্রেড: ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ।
  • ১৩তম থেকে ১৬তম গ্রেড: ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ।
  • ১৭তম থেকে ২০তম গ্রেড: ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।

নিয়োগের কর্মপরিকল্পনা:
শূন্যপদগুলো দ্রুত পূরণের লক্ষ্যে ৩টি স্তরে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ২ হাজার ৮৭৯টি পদ, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি পদ এবং পরবর্তী ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদের সর্বশেষ তথ্য সংগ্রহের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

বিগত আমলের নিয়োগে কঠোর অবস্থান:
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগের বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইনশৃঙ্খলা বাহিনী এ সংক্রান্ত তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনবল নিয়োগের এই নতুন উদ্যোগ বেকারদের জন্য বড় সুযোগ তৈরির পাশাপাশি প্রশাসনিক কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর:

বিবিধ