সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের এএসআইয়ের পথরোধ করে সরকারি পিস্তল লুট

৯ মার্চ ২০২৬, ৯:৫৭:৩১

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরে খোদ পুলিশ সদস্যই ছিনতাইকারীর কবলে পড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) ভোরে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত। ঘটনার সময় তিনি নিজের মোটরসাইকেল নিয়ে অন-ডিউটিতে ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এএসআই লুৎফর রহমান অন-ডিউটি চলাকালীন টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছিলেন। নিতাইগঞ্জ এলাকায় পৌঁছালে তিনজনের একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে। এসময় তারা ওই পুলিশ কর্মকর্তার সরকারি পিস্তলটি লুট করে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, নিতাইগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের নগর ভবন ও সরকারি হাসপাতাল থাকলেও এলাকাটি ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায়ই সাধারণ মানুষ এখানে ছিনতাইয়ের শিকার হন, তবে এবার খোদ পুলিশের অস্ত্র লুটের ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত।

পুলিশ জানিয়েছে, সরকারি অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করতে ইতিমধ্যে পুলিশের একাধিক বিশেষ টিম মাঠে নেমেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ