সারাদেশ

নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার বিশ্ব মিডিয়ায় ভাইরাল

২২ মে ২০২৬, ১:৩০:৩৯

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি বিরল অ্যালবিনো মহিষ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। গোলাপি আভা শরীর আর মাথায় সোনালি চুলের কারণে মহিষটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক বৈশিষ্ট্যের অদ্ভুত মিল খুঁজে ভিডিও করছেন কন্টেন্ট ক্রিয়েটররা। এই খবর এখন ঠাঁই করে নিয়েছে এএফপি, দ্য ইকোনমিক টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মের এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই শখের বশে মহিষটির নাম ‘ট্রাম্প’ রেখেছেন। বিশেষ করে এর মাথার সোনালি চুলের ঝুটি ট্রাম্পের ট্রেডমার্ক হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়। মহিষটিকে পরিচ্ছন্ন রাখতে মাথায় ঠান্ডা পানি দিয়ে বিশেষ গোলাপি ব্রাশ দিয়ে ব্রাশ করে দেওয়া হয়।

প্রাণিসম্পদ বিশারদদের মতে, দক্ষিণ এশিয়ায় এ ধরনের অ্যালবিনো বা সাদাটে মহিষ অত্যন্ত বিরল। শরীরে মেলানিনের অভাবজনিত জেনেটিক কারণে এদের গায়ের রং কালো না হয়ে গোলাপি বা সাদাটে হয়। স্বভাবগতভাবে এরা অত্যন্ত শান্ত প্রকৃতির। শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ই নয়, নারায়ণগঞ্জের ওই খামারে ‘বেঞ্চামিন নেতানিয়াহু’ ও ‘নরেন্দ্র মোদী’ নামে আরও দুটি বিরল অ্যালবিনো মহিষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে নেতানিয়াহু নামের মহিষটি কিছুটা রাগী স্বভাবের বলে তাকে এই নাম দেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি মহিষটিকে ‘কমান্ডার-ইন-বিফ’ আখ্যা দিয়েছে। গেটি ইমেজ ও রয়টার্সের মতো স্বনামধন্য ফটো এজেন্সিগুলোও এর ছবি প্রকাশ করেছে। খামার মালিক জানিয়েছেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ ইতোমধ্যেই প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়ে গেছে। তবে কোরবানির আগ পর্যন্ত প্রতিদিন শত শত মানুষ এই ভাইরাল মহিষটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। খামার সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বনেতাদের নামে পশুর নামকরণ এখন কোরবানির হাটে এক ধরণের কার্যকর বিপণন কৌশল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও খবর:

বিবিধ