জাতীয়

আগামী ৩০ জুনের মধ্যেই নির্বাচন, দলগুলোর সমর্থন ও সন্তোষ প্রকাশ: প্রেস সচিব

২৬ মে ২০২৫, ৪:৫৫:১০

প্রভাতী বার্তা ডেস্ক: রবিবার রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, আগামী বছরের ৩০ জুনের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমা কোনোভাবেই অতিক্রম করা হবে না।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

প্রেস সচিব আরও জানান, বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, বিচার প্রক্রিয়া ও নির্বাচনী প্রস্তুতির প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, “বৈঠকে নির্বাচন এবং সংস্কারসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা দলগুলোকে পুনরায় আশ্বস্ত করেছেন যে নির্বাচন আগামী ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং কোনো অবস্থাতেই এই সময়সীমা ৩০ জুন অতিক্রম করবে না।”

তিনি আরও যোগ করেন, “প্রধান উপদেষ্টার এই সুস্পষ্ট ঘোষণায় উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেছেন।” এই সিদ্ধান্ত বিভিন্ন দলের নেতাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং তারা সরকারের এই সময়াবদ্ধ পরিকল্পনায় আশ্বস্ত হয়েছেন বলে প্রেস সচিব জানান।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ