জাতীয়

উত্তরাধিকার সূত্রে পাওয়া গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস বস্ত্র ও পাটমন্ত্রীর

২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭:৩৭

না'গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নারায়ণগঞ্জে টেক্সটাইল শিল্পপল্লী ও বহুমুখী পাটপণ্য মেলা পরিদর্শনে এসে দেশের শিল্প খাতের চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। শনিবার (২৫ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় নিট শিল্পপল্লী পরিদর্শন এবং পরে চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গণে পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী স্পষ্টভাবে জানান, বিদ্যুৎ বা গ্যাস সংকটের কারণে রপ্তানি কমেছে—এমন দাবি সঠিক নয়। বরং বৈশ্বিক বাজারের মন্দাভাবই হচ্ছে রপ্তানি কমার মূল কারণ। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের পর আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি শিল্প-কারখানায় সেবা নিশ্চিত করতে। বর্তমানে গ্যাসের যে স্বল্পতা অনুভূত হচ্ছে, তা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নতুন করে কোনো সংকট সৃষ্টি হয়নি।’ সরকার এলএনজি আমদানির সক্ষমতা বাড়িয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলেও তিনি আশ্বস্ত করেন।

জ্বালানির মূল্যবৃদ্ধি ও বাজারে এর প্রভাব প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজেলের দাম যেটুকু বেড়েছে তা অত্যন্ত সামান্য। উদাহরণ টেনে তিনি বলেন, একটি ট্রাকে ১০ হাজার কেজি মাল পরিবহনে ২০০ কিলোমিটারে প্রতি কেজিতে মাত্র ৪০-৪৫ পয়সা খরচ বেড়ে থাকতে পারে। সুতরাং এর দোহাই দিয়ে নাটকীয়ভাবে নিত্যপণ্যের দাম বা বাসভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। যারা এমন দাবি করছেন, তাদের প্রকৃত তথ্য দিয়ে পর্যুদস্ত করার আহ্বান জানান তিনি।

বিটিএমসির শিল্প প্লট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় কিছু দখলজনিত সমস্যার কারণে কয়েকটি প্লট ব্যবহারে সমস্যা হচ্ছে। দ্রুত এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রতিটি প্লটে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে। এ সময় তিনি নতুন উদ্যোক্তাদের ভবিষ্যতে ‘লেস ফুয়েল ইন্টেন্সিভ’ বা কম জ্বালানি নির্ভর আধুনিক কারখানা স্থাপনে বেশি আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

এসব কর্মসূচিতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, বস্ত্র ও পাট সচিব আব্দুন নাসের খান এবং জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও খবর:

বিবিধ