আন্তর্জাতিক

ইসরাইলি পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের মিসাইল হামলা, ২০০ নিহতের দাবি আইআরজিসির

২২ মার্চ ২০২৬, ১২:৪১:০০

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় আঘাত হানা ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি (ইনসেট ছবি: ম্যাক্সার)

ইসরাইলের প্রধান পারমাণবিক স্থাপনা ডিমোনার সন্নিকটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ মার্চ) রাতে চালানো এই হামলায় দক্ষিণ ইসরাইলের আরাদ ও ডিমোনা শহর কেঁপে ওঠে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের এই অভিযানে দুই শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত না করলেও শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের মাত্র ১৩ কিলোমিটার দূরে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আইআরজিসি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের অংশ হিসেবে এবং ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরাইলি হামলার প্রতিশোধ নিতেই এই আক্রমণ চালানো হয়েছে।

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, আরাদ শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৮৮ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনায় সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সেখানে ২০ জন আহত হওয়ার পাশাপাশি উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে কর্মীদের।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও বিশালাকার ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়। কেন ইন্টারসেপ্টরগুলো কাজ করেনি, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ইসরাইলি বিমানবাহিনী।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় ইরানের বড় বড় বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এর জবাবে ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের কোনো স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব জ্বালানি কেন্দ্র লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের দাবি, তারা ইতিমধ্যে ইসরাইলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং কুয়েত ও আমিরাতে মার্কিন সংশ্লিষ্ট ঘাঁটিতেও হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি উভয় পক্ষকে পারমাণবিক স্থাপনার আশেপাশে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ডিমোনার আশেপাশে তেজস্ক্রিয়তার কোনো অস্বাভাবিক পরিবর্তন এখনো ধরা পড়েনি বলে জানিয়েছে আইএইএ।

আরও খবর:

বিবিধ