২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭:৩৬
প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বর্ণিল আয়োজনে তিন দিনের পর্যটন মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উদ্বোধনের আগে লাবণী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর লাবণী বিচে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনে আসবেন। এছাড়া ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর করার মাধ্যমে কক্সবাজারকে দেশের অন্যতম আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যটনবান্ধব ও নিরাপদ শহর গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে শামীম আরা স্বপ্না বলেন, বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়িত হলে কক্সবাজার বৈশ্বিক মানের একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। জেলা প্রশাসক মো. আ. মান্নান তার বক্তব্যে বলেন, এই মেলার মাধ্যমে দেশি-বিদেশি পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেতুবন্ধন তৈরি হবে, যা দেশের সামগ্রিক পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।
এদিকে মেলা উপলক্ষে কক্সবাজারের হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। হোটেল ও গেস্ট হাউসগুলোতে ইতোমধ্যে ৮০ শতাংশের বেশি কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। মেলায় প্রায় ৮০টি স্টলে স্থানীয় হস্তশিল্প, আচার, শুঁটকি ও পিঠাপুলি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া প্রতিদিনের আকর্ষণ হিসেবে থাকছে ফায়ার শো, ব্যান্ড শো, লোকসংগীত, কাওয়ালি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। লাবণী পয়েন্টে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই জমজমাট মেলা চলবে। সরকারি ছুটির দিন থাকায় ইতিমধ্যে সৈকত নগরীতে লাখো পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

















