সারাদেশ

ইনানী পাটোয়ারটেক রিসোর্টে ভয়াবহ আগুন, ১০ পর্যটকের মৃত্যু

১৭ অক্টোবর ২০২৬, ৪:৪১:৪৪

কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন ইনানীর পাটোয়ারটেক এলাকায় একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ছয়জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে পাটোয়ারটেক সমুদ্রসৈকত সংলগ্ন ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট’-এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠানটি ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুর নাগাদ ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন প্রথমে ছয়জনের লাশ উদ্ধারের কথা জানায়। পরবর্তীতে রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে আরও চারজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ১০ জন নিহতের বিষয় নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও শিশু ফায়িজান আহম্মেদ (৫)। বাকি চারজনের পরিচয় এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডে আহত ছয়জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন ও তার স্ত্রী নাফিজা নেওয়াজ খানসহ অন্যান্যরা চিকিৎসাধীন আছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে তথ্যপ্রমাণ সংগ্রহ করছে। ঘটনার পরপরই রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে বলে জানা গেছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ