রাজনীতি

অসংখ্য বিতর্কের জন্ম দেওয়া আ ন ম আয়াস সেগুনবাগিচায় আটক

১০ অক্টোবর ২০২৬, ৯:১৪:২৪

অসংখ্য বিতর্কের জন্ম দেওয়া আ ন ম আয়াস সেগুনবাগিচায় আটক

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাতের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টার অভিযোগে আ ন ম আয়াস নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে সেগুনবাগিচা এলাকা থেকে শাহবাগ থানা-পুলিশ আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও সত্যজিৎ রায়সহ ১০ জন কালজয়ী ব্যক্তিত্বের প্রতিকৃতি এঁকে দেয় দেয়ালচিত্রশিল্পীরা। আজ দুপুরে আ ন ম আয়াস সেগুনবাগিচায় গিয়ে রবীন্দ্রনাথের সেই প্রতিকৃতি মুছে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে।

আ ন ম আয়াস এর আগেও নানা আলোচিত ও বিতর্কিত কাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সদস্যসচিব এবং বর্তমানে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। গত আগস্টে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্য একটি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গণমাধ্যমের নজরে আসেন তিনি।

পরবর্তী সময়ে ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে অবস্থান নিয়ে পথচারীদের ওপর চড়াও হওয়া এবং সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় তাঁর নাম সামনে আসে। এ ছাড়া মাগুরায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়ির সামনে একটি বিতর্কিত ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন আয়াস।

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ তিনজনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে শাহবাগ থানায় জিডি করার ঘটনাতেও সংবাদের শিরোনাম হয়েছিলেন এই তরুণ।

শাহবাগ থানা-পুলিশ নিশ্চিত করেছে, শিল্পকলার সামনের দেয়ালচিত্র বিকৃত করার চেষ্টা করায় আয়াসসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ