জাতীয়

তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯:২৪

Group of people at a ceremony.

প্রভাতী বার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বললে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রশাসনের কার্যক্রমে গতি আনতে পূর্ববর্তী আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তিনি অফিস করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে। দায়িত্ব গ্রহণের পর এর আগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

দাপ্তরিক কাজ শুরুর আগে কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন এবং নির্ধারিত দাপ্তরিক সভায় যোগ দেন।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ