অন্যান্য

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ কর্মীদের ওপর হামলা

৫ মে ২০২৬, ৮:৫৮:১৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হকারদের নজিরবিহীন হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উচ্ছেদ কর্মীরা। সোমবার (৪ মে) বিকেলে নগরীর চাষাড়া এলাকায় নূর মসজিদের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের অন্তত ৬ জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুহুল নামে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও নাসিক সূত্রে জানা যায়, প্রতিদিনের রুটিন মাফিক অভিযানে বিকেলে চাষাড়া নূর মসজিদের সামনে হকার উচ্ছেদ করতে যান নাসিকের কর্মীরা। এসময় হকাররা একটি মিছিল নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শুধুমাত্র মারধরই করেনি, উচ্ছেদ কর্মীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বেশ কয়েকজন কর্মী কোনোমতে দৌড়ে প্রাণ বাঁচান।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “হকারদের পুনর্বাসনের বিষয়ে আমরা যখন ইতিবাচক চিন্তা করছি, ঠিক তখনই তারা আইন হাতে তুলে নিয়েছেন। সরকারি কাজে বাধা দিয়ে উচ্ছেদ কর্মীদের মারধর করা চরম ধৃষ্টতা এবং আইনের পরিপন্থী। যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফুটপাত দখলমুক্ত রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই হকার ও প্রশাসনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ নগরবাসীর অভিযোগ, ফুটপাত দখল করে রাখার ফলে শহরে যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাতায়াতে বিড়ম্বনা বাড়ছে। আজকের এই হামলার পর নগরবাসীর মধ্যে নতুন করে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফুটপাত চিরতরে হকারমুক্ত করার দাবি তুলেছেন। পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

আরও খবর:

বিবিধ