সারাদেশ

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

২২ এপ্রিল ২০২৬, ১০:২৯:৫৫

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট (এআই-ভিত্তিক ছবি)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাস ফেরত নারীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ওই প্রবাসীর কাছ থেকে কয়েক লাখ টাকার স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। এসময় বাধা দিতে গিয়ে ডাকাতদের হামলায় এক নারীসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হিমু আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি এলাকার বাসিন্দা। তিনি ও তার স্বামী গত ছয় মাস ধরে সৌদি আরবে ছিলেন। বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ভাড়া করা প্রাইভেটকারে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটি গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে ৫ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে গাড়িটির চালকসহ যাত্রীদের জিম্মি করে। মুহূর্তেই তারা হিমু আক্তারের সাথে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণের গয়না, ৪ হাজার সৌদি রিয়াল, নগদ ১০ হাজার টাকা এবং তিনটি দামী স্মার্টফোন লুট করে নেয়। এসময় হিমু আক্তার ও তার ভাই মাইন উদ্দিন প্রতিবাদ করলে ডাকাতরা তাদের মারধর করে গুরুতর আহত করে।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সহায়তা চান। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

আরও খবর:

বিবিধ