১৭ এপ্রিল ২০২৬, ১১:১৫:৩৪
শীতলক্ষ্যা নদীর পাড়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক আলোকচিত্র প্রদর্শনী। নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাবের (এনপিসি) ১৪ বছর পদার্পণ উপলক্ষে ‘স্মৃতি, জীবন আর অস্তিত্বের দৃশ্যপট: নদী.. তবু আছি’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে প্রখ্যাত আলোকচিত্রী ও ফটোজিয়ামের প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রদর্শনীতে দেশের ৩০টি নদ-নদীর ওপর তোলা ১১০ জন আলোকচিত্রীর ১২১টি একক ছবি, ১৪টি ফটো স্টোরি এবং ৯টি ভিডিওচিত্র স্থান পেয়েছে। উদ্বোধনী বক্তব্যে নাসির আলী মামুন বলেন, ফটোগ্রাফির ২০০ বছরের ইতিহাসে এই ধরনের আয়োজন এক অনন্য নজির সৃষ্টি করেছে। নদ-নদী যখন দখল ও দূষণে মুমূর্ষু অবস্থায় রয়েছে, তখন এই প্রদর্শনীকে তিনি ‘দৃশ্যশিল্পের প্রতিবাদ’ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। তিনি শীতলক্ষ্যাসহ স্থানীয় নদীগুলো রক্ষায় তার প্রশাসনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথি লেখক ও গবেষক সাহাদাত পারভেজ বলেন, নদীর ইতিহাসই বাংলাদেশের ইতিহাস; নদীহীন কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।
এনপিসি সভাপতি ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম জানান, সারাদেশ থেকে আসা প্রায় ১২০০ ছবির মধ্য থেকে নির্বাচিত সেরা কাজগুলো এখানে স্থান পেয়েছে। আগামী ১৯ এপ্রিল বরেণ্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দনের সাথে বিশেষ ফটোআড্ডার মাধ্যমে এই প্রদর্শনীর সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

















