সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ২ ক্লিনিকে র‍্যাবের অভিযান: জরিমানা ও কার্যক্রম বন্ধ

১ এপ্রিল ২০২৬, ১২:২৯:১০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জনস্বাস্থ্য রক্ষায় দুটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে র‍্যাব-১১ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত এই যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও কদমতলী এলাকায় দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। জালকুড়ি এলাকার ‘জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে’ তল্লাশি চালিয়ে পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না পাওয়ায় কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, কদমতলী এলাকার ‘কদমতলী জেনারেল হাসপাতালে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে আভিযানিক দলটি। অভিযানের সময় হাসপাতালের মালিকপক্ষ উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়।

অভিযান শেষে কদমতলী জেনারেল হাসপাতালের ম্যানেজারকে আগামী দুই কার্যদিবসের মধ্যে বৈধ সকল নথিপত্রসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়ে একটি মুচলেকা নেওয়া হয়েছে। র‍্যাব জানিয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরণের অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর:

বিবিধ