আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের সংকট কাটাতে রুশ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ২০২৬, ১১:২৫:৩২

বিশ্ববাজারে জ্বালানি তেলের উত্তরোত্তর মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট মোকাবিলায় রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই শিথিলতা সবার জন্য নয়; শুধুমাত্র যেসব দেশে রাশিয়ার তেলবাহী জাহাজ ইতিমধ্যে সমুদ্রপথে রয়েছে, তারা আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই তেল খালাস করার সুযোগ পাবে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে হরমুজ প্রণালিতে যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা প্রশমন করতেই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটি একটি স্বল্পমেয়াদী ব্যবস্থা এবং এর ফলে রাশিয়া সরকার খুব বেশি আর্থিক সুবিধা পাবে না।

বিএসসির তথ্য অনুযায়ী, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরে জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আইইএ মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।

এশিয়ার দেশগুলোও এই সংকট মোকাবিলায় তৎপরতা শুরু করেছে। ফিলিপাইন তাদের সরকারি কর্মীদের সপ্তাহে চার দিন অফিস করার নির্দেশ দিয়েছে, অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া পেট্রোলের সর্বোচ্চ দর বেঁধে দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা প্রয়োজনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সামরিক নিরাপত্তা প্রদান করবে।

আরও খবর:

বিবিধ