১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪:৫৯
প্রভাতী বার্তা ডেস্ক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। বৃহস্পতিবার দুপুরে Ministry of Foreign Affairs–এর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পোস্টের সঙ্গে যুক্ত করা হয় ট্রাম্পের স্বাক্ষর করা ১৮ ফেব্রুয়ারির একটি আনুষ্ঠানিক চিঠি। সেখানে তিনি লিখেছেন, নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য আমেরিকার জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাঁর সফল মেয়াদ কামনা করছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। সম্প্রতি সম্পাদিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বিষয়টিও তুলে ধরা হয়েছে। চুক্তিটি বাস্তবায়িত হলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হবে এবং উভয় দেশের শ্রমিক ও কৃষকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া নিয়মিত প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। দুই দেশের সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

















