২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২:৪২
নারায়ণগঞ্জের বন্দরে একটি স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বন্দর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, রূপা, নগদ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার সোনাচরা ঢাকেশ্বরী বাজার এলাকার একটি জুয়েলার্স দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে দোকানে হানা দেয়। তারা দোকানদার ও উপস্থিত এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে জিম্মি করে ভীতি সৃষ্টি করে। এরপর দোকান থেকে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা এবং মোবাইল ফোনসহ প্রায় ২৬ লাখ ৪৩ হাজার টাকার মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতির পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতিতে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, এই চক্রের তিন জন সরাসরি দোকানে ঢুকে লুটপাট চালায় এবং বাকি দুই জন বাইরে পাহারায় নিয়োজিত ছিল। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন, মো. মিজান, মো. অনিক, সুমন বেপারী এবং রাজু আহমেদ। এদের মধ্যে বেশিরভাগ আসামির বিরুদ্ধে এর আগেও একাধিক ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে লুণ্ঠিত নগদ ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি ওজনের বিভিন্ন রূপার গহনা, স্বর্ণ ও রূপার প্রলেপ দেওয়া দুটি রুলি এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত ১৮ ইঞ্চি ও ১২ ইঞ্চি লম্বা দুটি ধারালো ছুরি এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি পলাতক ডাকাতদের গ্রেফতার এবং অবশিষ্ট লুট হওয়া মালামাল উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

















