১৭ নভেম্বর ২০২৬, ৮:৩৪:৪৪
নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে মারধর ও তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাওলানা ফেরদাউসুর রহমান জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ডেকে একপাশে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। হামলাকারীরা জোরপূর্বক তার পাঞ্জাবি টেনে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
এ ঘটনার পর মাওলানা ফেরদাউসুর রহমান দাবি করেন, ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীবের নির্দেশনায় অনিক ও তোফায়েলসহ ২০ থেকে ২৫ জনের একটি দল তার ওপর হামলা চালিয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব। তিনি জানান, বিষয়টি তিনি ঘুম থেকে উঠে লোকমুখে শুনেছেন এবং এই হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মাওলানা ফেরদাউসুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একটি কক্ষে এক নারীর সঙ্গে তার ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে মাওলানা ফেরদাউসুর রহমান গণমাধ্যমকে জানান যে বিষয়টি তার জানা নেই এবং এ বিষয়ে তিনি পরে কথা বলবেন।

















