৯ অক্টোবর ২০২৬, ৭:৫৭:০৮
কুমিল্লার লালমাইয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে মেয়েটি তার বাবাকে লাইভ লোকেশন পাঠিয়েছিল, যা অনুসরণ করে ঘটনাস্থলে গিয়ে বাবা তার মেয়ের লাশের সন্ধান পান।
কুমিল্লার লালমাই উপজেলায় এক স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যার পর ফসলি জমিতে ফেলে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে মেয়েটি তার বাবাকে মোবাইলে ‘লাইভ লোকেশন’ পাঠিয়ে উদ্ধারের আকুতি জানিয়েছিল। তবে সেই বার্তা সময়মতো দেখতে পাননি বাবা। পরদিন সকালে সেই লোকেশন ধরে ঘটনাস্থলে পৌঁছে তিনি মেয়ের নিথর দেহের সন্ধান পান।
নিহত ১৫ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের স্থায়ী বাড়ি যশোর সদর উপজেলায় হলেও পরিবারটি দীর্ঘদিন ধরে কুমিল্লা শহরে বসবাস করে আসছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর সে আর ফেরেনি। পুলিশি তদন্তে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার পর সে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া এবং পরে কক্সবাজারে গিয়েছিল। বুধবার (৭ অক্টোবর) রাতে সে কক্সবাজার থেকে বাসে করে কুমিল্লার পদুয়ার বাজার নূরজাহান হোটেলের সামনে নামে। সিসিটিভি ফুটেজেও রাত সাড়ে ১০টার দিকে তাকে সেখানে দেখা গেছে।
গভীর রাতে মেয়েটি বিপদে পড়ার আশঙ্কা থেকে তার বাবাকে একটি খুদে বার্তা ও নিজের বর্তমান অবস্থানের লাইভ লোকেশন পাঠায়। কিন্তু বাবা তখন গভীর ঘুমে থাকায় তাৎক্ষণিকভাবে মেসেজটি খেয়াল করেননি। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তিনি মেয়ের পাঠানো লোকেশনে পৌঁছান। সেখানে গিয়ে দেখতে পান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার মেয়ের মরদেহ উদ্ধার করছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা সড়কের পাশে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা দেখে সন্দেহবশত খোঁজাখুঁজি শুরু করলে জমি আইলের পাশে লাশটি দেখতে পান। নিহতের গলায় গামছা পেঁচানো ছিল এবং মুখে মাটির দাগ পাওয়া গেছে।
কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, পদুয়ার বাজার থেকে কিশোরীটি কীভাবে ওই নির্জন এলাকায় পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পাওয়া অটোরিকশাটির মালিক শনাক্তের কাজ চলছে এবং সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের আশ্বাস দিয়েছে।
















