শিক্ষা ও সাহিত্য

এসএসসি পরীক্ষা: ভুল প্রশ্ন বিতরণে দেড় ঘণ্টা ভোগান্তিতে ১৭৭ পরীক্ষার্থী

২১ এপ্রিল ২০২৬, ১০:১৫:৩৭

সোনারগাঁ উপজেলার ৪৯৮ নম্বর কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনেই বড় ধরনের অব্যবস্থাপনার খবর পাওয়া গেছে। বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থীদের বর্তমান পাঠ্যসূচির পরিবর্তে গত বছরের (২০২৫ সালের) সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট পর বিষয়টি নজরে আসায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

জানা গেছে, উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার এই ঘটনা ঘটে। কেন্দ্রটিতে সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় এবং নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের মোট ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে অন্তত ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়।

ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরুর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তারা বুঝতে পারে যে প্রশ্নগুলো তাদের সিলেবাসের বাইরে থেকে এসেছে। এতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে পরীক্ষা সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে ঢাকা বোর্ড ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরীক্ষার্থীদের নতুন প্রশ্নপত্র দেওয়া হয় এবং হারানো সময় পুষিয়ে দিতে অতিরিক্ত দেড় ঘণ্টা সময় দেওয়া হয়।

কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকার এই ভুলের দায় স্বীকার করে বলেন, সিলেবাসের বছরটি খেয়াল না করায় এবং অতিরিক্ত প্রশ্নপত্রের প্যাকেট চলে আসায় এই বিপত্তি ঘটেছে। তবে শিক্ষার্থীদের যথাযথ অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাহ জানান, ঘটনাটি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফলে যেন এর কোনো প্রভাব না পড়ে সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অভিভাবকরা একে চরম গাফিলতি হিসেবে দেখছেন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর:

বিবিধ