২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫:২০
মাত্র ২৪ দিনের মধ্যে রাজউকের যেকোনো নকশা বা প্ল্যান অনুমোদনের যুগান্তকারী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দ্রুত সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। রাজউক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ উভয়ই বর্তমান সরকারের অংশ এবং জনকল্যাণই তাদের মূল লক্ষ্য। দীর্ঘসূত্রিতা দূর করতে রাজউকের সেবা প্রদানে বড় ধরনের সংস্কার আনা হচ্ছে।
নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন জানান, এই অঞ্চলের জন্য একটি বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজউকের চলমান মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের ভৌগোলিক ও নাগরিক চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ণ আলাদা একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। এছাড়া, ক্রমবর্ধমান জনসংখ্যার কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা আরও সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ফতুল্লাসহ আশপাশের জনবহুল এলাকাগুলোকে এর আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
রাজউকের বিভিন্ন সেবা কার্যক্রমে দীর্ঘদিনের দুর্নীতি ও হয়রানির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে রাজউকের কাজের পরিধি অনুযায়ী পর্যাপ্ত জনবল ছিল না, যার কারণে সেবা প্রত্যাশীদের নানা জটিলতায় পড়তে হতো। এই সংকট নিরসনেই মূলত গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে কাজের বিকেন্দ্রীকরণ ঘটবে এবং সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই নতুন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

















