১৬ আগস্ট ২০২৬, ১১:১৪:০২
নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে বিশেষ অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভবনে অবস্থানরত সন্দেহভাজন মাদককারবারি ও ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ওই ছাদে তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসিটিভি ক্যামেরা, দুটি গুলতি এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক গণমাধ্যমকে জানান, উদ্ধারকৃত পিস্তলটি জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট করা হয়েছিল। ভবনটি মূলত অপরাধীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হতো। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী সহিংস পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছিল। সেই হারানো অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

















