সারাদেশ

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে রূপগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার

৩০ জুন ২০২৬, ১১:৫৩:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। দাবি করা চাঁদা না দেয়ায় একটি চক্র পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন খোদ ইউএনও। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় জানান, শাহিন আলম নামের এক ব্যক্তি ও তার সহযোগী বেশ কিছুদিন ধরে তাকে উত্যক্ত করছিল। তারা প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের আবদার করেন। ইউএনও তাদের অনৈতিক আবদার প্রত্যাখান করলে তারা সরাসরি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তাকে সামাজিকভাবে অপদস্ত করা হবে বলেও চরম হুমকি দেয় চক্রটি।

ইউএনও আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় চক্রটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তারা বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সামাজিক মাধ্যমে ১ শতাংশ বরাদ্দের সরকারি প্রকল্পে কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। এ প্রসঙ্গে সাইফুল ইসলাম জয় স্পষ্ট করেন যে, ১ শতাংশ বরাদ্দের অর্থ ব্যয়ের কোনো একক এখতিয়ার ইউএনও’র নেই। এই অর্থ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ব্যয় করেন, যা স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলে এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই।

এদিকে অভিযুক্ত শাহিন আলম তার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ইউএনও তার ফোন ধরেন না বলেই তিনি সত্য সংবাদ প্রকাশ করেছেন। তবে পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল আলম জানিয়েছেন, শাহিন আলম নামে তালিকাভুক্ত কোনো সাংবাদিক রূপগঞ্জে কর্মরত নেই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, ইউএনও’র সংবাদ সম্মেলনের বিষয়টি তারা জেনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

আরও খবর:

বিবিধ