সারাদেশ

হকার্স মার্কেটে অনিয়ম: অবৈধ দোকান উচ্ছেদের ঘোষণা নারায়ণগঞ্জে

১ মে ২০২৬, ১:৪৭:৫৪

হকার্স মার্কেটে অনিয়ম: অবৈধ দোকান উচ্ছেদের ঘোষণা নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত হকার্স মার্কেটটি ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আকস্মিক মার্কেটটি পরিদর্শন করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

পরিদর্শনকালে দেখা যায়, হকারদের পুনর্বাসনের জন্য নির্মিত এই মার্কেটে বর্তমানে কোনো প্রকৃত হকার নেই। প্রশাসক সাখাওয়াত হোসেন জানান, এখানে ৬৭২ জন হকারকে এক সময় পুনর্বাসন করা হয়েছিল। কিন্তু বর্তমানে বরাদ্দপ্রাপকদের কেউ সেখানে থাকছেন না। অনেকেই সিটি করপোরেশনের বরাদ্দ দেওয়া দোকান অবৈধভাবে মোটা অংকে বিক্রি করে দিয়েছেন অথবা ভাড়া দিয়েছেন। আর এই হকাররাই পুনরায় ফুটপাতে বসে ব্যবসা পরিচালনা করছেন।

সাখাওয়াত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিটি করপোরেশনের জায়গায় বরাদ্দ পাওয়া দোকান ভাড়া বা বিক্রি করা সম্পূর্ণ আইনবিরোধী। সরেজমিন তদন্তে দেখা গেছে, একাধিক ছোট দোকান একীভূত করে বড় শোরুমের মতো ব্যবসা চালানো হচ্ছে, যা চরম অনিয়ম। যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নাসিক প্রশাসক আরও স্পষ্ট করেন যে, বর্তমান অবকাঠামো ভেঙে ফেলে নতুন করে প্রকৃত হকারদের শনাক্ত করা হবে। যাচাই-বাছাই শেষে কেবল প্রকৃত হকারদেরই সেখানে পুনরায় পুনর্বাসন নিশ্চিত করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা এবং শহরের শৃঙ্খলার ফেরানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসকের এই কঠোর অবস্থানে মার্কেটের অবৈধ দখলদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও খবর:

বিবিধ