সারাদেশ

নারায়ণগঞ্জে অভিনব কায়দায় গ্যাস চুরি: চুম্বক বসিয়ে ঘণ্টায় গায়েব ১২ হাজার ঘনফুট গ্যাস

২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪:৪৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস চুরির এক অনন্য কৌশলের সন্ধান পেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একটি ডাইং কারখানায় মিটারে শক্তিশালী চুম্বক বসিয়ে প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস হাতিয়ে নেওয়া হচ্ছিল। ২৬ এপ্রিল (রোববার) সকালে এক ঝটিকা অভিযানে অভিনব এই জালিয়াতি ধরা পড়ে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি চৌকস দল উপজেলার রেললাইন বটতলা এলাকার ‘প্যাটার্ন ফিনিশিং’ নামক কারখানায় এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন তিতাসের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মঞ্জুর আজিজ মোহন।

তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন মোল্লার নামে নিবন্ধিত এই কারখানাটি বর্তমানে ভাড়ায় পরিচালিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে যখন অভিযান চালানো হয়, তখন আরএমএস কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। পরে নিবিড় পর্যবেক্ষণে দেখা যায়, মিটারে তিনটি শক্তিশালী চুম্বক বা ম্যাগনেট বসানো হয়েছে। এই কৌশলে ইবিসি মিটারের ডাটা রিডিং সিস্টেম বা পালস বন্ধ রেখে মিটারের গতি কৃত্রিমভাবে কমিয়ে দেওয়া হতো।

ডিজিএম মঞ্জুর আজিজ মোহন জানান, কারখানায় উৎপাদিত পণ্যের ধরন অনুযায়ী তাদের ধারণা, টেম্পারিংয়ের মাধ্যমে অন্তত ১২ হাজার ঘনফুট গ্যাস মিটারকে ফাঁকি দিয়ে চুরি করা হচ্ছিল। ইতোমধ্যে কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে মিটারটি জব্দ করা হয়েছে। তিতাসের বিধিমালা অনুযায়ী নির্দিষ্ট হারে বিল এবং বড় অংকের জরিমানা আদায় করা হবে বলেও তিনি জানান।

অভিযানকালে তিতাসের ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদ এবং জরুরি ব্যবস্থাপক শাহ এমদাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিতাস কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে যে, গ্যাস চুরি রোধে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও খবর:

বিবিধ