সারাদেশ

বান্দরবানে গভীর খাদে সৌদিয়া পরিবহন: ৪ পর্যটকের অবস্থা আশঙ্কাজনক

২২ মার্চ ২০২৬, ১:১৬:১২

ছবি: সংগৃহীত

বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (২২ মার্চ) ভোরে জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস ভোর ৫টার দিকে সুয়ালক এলাকার পাহাড়ি আঁকাবাঁকা ঢালু পথে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রীর মধ্যে অধিকাংশ যাত্রীই কমবেশি চোট পান।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ানের (২৮) অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ধীমান দাশ জানিয়েছেন, চারজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে এবং বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পাহাড়ি সড়কের ঢালু পথে বাসের অতিরিক্ত গতি অথবা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, একই দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া গেছে। কুমিলায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন, হবিগঞ্জে বাস ও পিকআপের সংঘর্ষে ৪ জন এবং ফেনীতে ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

আরও খবর:

বিবিধ