জাতীয়

শুরু হয়েছে ফ্যামিলি কার্ড শুমারি, যা যা প্রস্তুত রাখতে হবে

২১ নভেম্বর ২০২৬, ৮:৩২:৪৮

শুরু হয়েছে ফ্যামিলি কার্ড শুমারি, যা যা প্রস্তুত রাখতে হবে

সারা দেশে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড শুমারি। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিচ্ছেন। এ লক্ষ্যে এনআইডি, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে এবং প্রতারকদের থেকে সাবধান থাকতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সমাজসেবা অধিদপ্তর।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারি শুরু হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি বাড়ি যাচ্ছেন। এই কার্যক্রমে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই বিশাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা ঘরে গিয়ে তথ্য গ্রহণ করবেন।

আবেদনকারীর যা যা প্রস্তুত রাখতে হবে:
শুমারির কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নাগরিকদের নিচের তথ্য ও কাগজপত্র হাতের কাছে রাখার অনুরোধ করা হয়েছে:
১. পরিবারের যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
২. পরিবারের অন্যান্য সদস্যদের এনআইডি এবং ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ।
৩. কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ/নগদ ইত্যাদি) অ্যাকাউন্টের তথ্য।
৪. পরিবারের বার্ষিক আয়-ব্যয়, মোট সম্পদ ও সদস্যদের সংখ্যা সংক্রান্ত সঠিক তথ্য।
৫. সংশ্লিষ্ট বাড়ির ছবি ও কার্ডগ্রহীতা নারীর ছবি।
৬. আবেদন ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতি।

প্রতারণা এড়াতে সতর্কবার্তা:
সমাজসেবা অধিদপ্তর বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে। কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের জালিয়াতি রোধে স্থানীয়দের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শুমারি থেকে যেন কোনো পরিবার বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকতে এবং তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে মসজিদের ইমাম, খতিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে অধিদপ্তর। সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়ন সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত লক্ষ্য।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ