১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭:৪৭
শারদীয় দুর্গাপূজা শুধু আনন্দ ও উৎসবের মধ্য দিয়েই সীমাবদ্ধ নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, অসত্যকে পরাস্ত করা এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর গভীর শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। এই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে পারলে পূজার প্রকৃত সার্থকতা ফুটে উঠবে বলে তিনি জানান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের উদ্দেশ্যে এসব কথা বলেন মন্ত্রী। পরবর্তীতে তিনি নগরীর মিশন পাড়া এলাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং সেখানকার উৎসবের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আয়োজনের খোঁজখবর নেন।
ধর্মীয় তাৎপর্য তুলে ধরে ড. মঈন খান বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যার মধ্যে লড়াই চলমান রয়েছে। দেবী দুর্গার অসুরবধ মূলত অন্যায় ও অসত্যের পরাজয় এবং ন্যায় ও সত্য বিজয়ের চিরন্তন রূপক। পূজার এই মূল বাণী থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সত্যের পথে অবিচল থাকতে হবে।
সংখ্যালঘু ও স্থানীয় অধিবাসীদের আশ্বস্ত করে মন্ত্রী নারায়ণগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানই নারায়ণগঞ্জের আসল পরিচয়। এই সুন্দর ঐতিহ্যকে টিকিয়ে রেখে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের আয়োজক, পূজারি এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত মণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











