১৫ আগস্ট ২০২৬, ১২:৪৫:২৮
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমানের বিরুদ্ধে এক মৃত নার্সের পেনশনের টাকা ছাড় করতে ঘুষ দাবির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর এই ঘটনাটি প্রকাশ্যে আসে, যেখানে সিভিল সার্জনকে ভুক্তভোগী পরিবারের এক সদস্যের সঙ্গে দরকষাকষি করতে শোনা যায়। অডিওতে তিনি স্পষ্টভাবে বলেন, “টাকা নিয়ে এসো, চেক নিয়ে যেও।”
অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফ্রানচিলিয়া গোমেজ ২০২১ সালে অবসরে যান। নিয়ম অনুযায়ী অবসরের পর পেনশনের টাকার জন্য তিনি দপ্তরে দপ্তরে ঘুরেছেন। অভিযোগ রয়েছে, সিভিল সার্জনের চাহিদামত ঘুষের টাকা দিতে না পারায় তার ফাইলটি আটকে রাখা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও পেনশনের অর্থ না পাওয়ায় ফ্রানচিলিয়া গোমেজ চরম আর্থিক সংকটে পড়েন। শেষ পর্যন্ত অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে এক বছর আগে মৃত্যুবরণ করেন এই জ্যেষ্ঠ সেবিকা।
মায়ের মৃত্যুর পর বকেয়া পেনশনের টাকা পাওয়ার আশায় সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করেন ফ্রানচিলিয়ার ছেলে বিনয় দেউড়ী। কিন্তু সেখানে আবারও ঘুষ দাবি করা হয়। সম্প্রতি ফাঁস হওয়া অডিও রেকর্ডে ডা. মশিউর রহমান ও বিনয় দেউড়ীর কথোপকথনে দেখা যায়, ঘুষের টাকা পেলেই কেবল পেনশনের চেক হস্তান্তর করা হবে বলে সাফ জানিয়ে দেন সিভিল সার্জন।
এই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। একজন জ্যেষ্ঠ সেবিকার মৃত্যুর পরেও তার পরিবারের সাথে এমন অমানবিক আচরণ ও দুর্নীতির ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

















