সারাদেশ

ভিক্টোরিয়া হাসপাতালে রোগীর মৃত্যু: চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

৩১ মার্চ ২০২৬, ২:৪৩:৩২

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে শাহ জাহান পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপুল হাসপাতাল ছেড়ে পালিয়েছেন বলে দাবি করেছেন ক্ষুব্ধ স্বজনরা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহ জাহান পাটোয়ারী নিতাইগঞ্জের চারারগোপ আড়তে কর্মরত ছিলেন। সোমবার বেলা ১১টার দিকে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। নিহতের স্বজন সাইদুর গাজীর অভিযোগ, জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন প্রথমে রোগী দেখতে অনীহা প্রকাশ করেন। স্বজনদের দীর্ঘক্ষণ অনুরোধ ও হইচইয়ের পর তিনি চিকিৎসা শুরু করতে রাজি হন।

অভিযোগ রয়েছে, চিকিৎসকের নির্দেশে তার সহকারী রোগীকে দুটি ইনজেকশন পুশ করেন এবং একটি ইসিজি করানোর পরামর্শ দেন। কিন্তু ইসিজি সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই শাহ জাহান মৃত্যুর কোলে ঢলে পড়েন। রোগীর মৃত্যুর পরপরই অভিযুক্ত চিকিৎসক হাসপাতাল থেকে সটকে পড়েন। এমনকি রোগীকে দেওয়া ওষুধের প্রেসক্রিপশনটিও হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের ফেরত দেয়নি বলে তারা অভিযোগ করেছেন।

ভিক্টোরিয়া হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ইসিজি রিপোর্ট অনুযায়ী রোগী হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহত শাহ জাহান পাটোয়ারী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আনামিয়া বেপারীর ছেলে। তিনি পেশার প্রয়োজনে নারায়ণগঞ্জে বসবাস করতেন।

আরও খবর:

বিবিধ