রাজনীতি

সরকারি দল নিজেদের মতো সংবিধানের ব্যাখ্যা দিচ্ছে: নাহিদ ইসলাম

২৮ মার্চ ২০২৬, ১০:২১:৩২

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মহানগর জাতীয় নাগরিক পার্টির সাধারণ সভায় নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম সরকারি দলের বিরুদ্ধে সংবিধানের অপব্যাখ্যার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার নিজেদের স্বার্থ অনুযায়ী সংবিধানকে ব্যবহার করছে—যা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলেও দেখা গিয়েছিল।

শনিবার (২৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ডাকবাংলো এলাকায় মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংসদ অধিবেশনে গণভোটের রায় বাস্তবায়নের প্রত্যাশা ছিল জনগণের। কিন্তু সরকার সেই রায়কে উপেক্ষা করছে। তাদের সুবিধাজনক অবস্থানে থাকলে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, আর বিপক্ষে গেলেই সংবিধান মানা হচ্ছে না। এই ধরণের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড আওয়ামী লীগ আমলের কথা মনে করিয়ে দেয়।’

আওয়ামী লীগের শাসন আমলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তারা যেভাবে সংসদকে উপেক্ষা করে সংবিধানের দলীয়করণ করেছিল, বর্তমান সরকারি দলের মধ্যেও একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সংবিধানে দলীয় স্বার্থ হাসিলের এই ধারা চলতে থাকে, তবে দেশের মানুষ তাদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। এনসিপিকে সেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। রাজপথ থেকেই আমরা সংসদে গিয়েছি, তাই জনগণের রায় বাস্তবায়নে আমরা রাজপথকে ভুলে যাব না।’

নারায়ণগঞ্জের স্থানীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। ব্যবসায়ীরা যেন শান্তিতে কাজ করতে পারেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।’ তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে যেন কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন না ঘটে এবং অতীতের সকল অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন, মহানগর এনসিপি আহ্বায়ক মো. শওকত আলী এবং জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ সরদারসহ তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর:

বিবিধ