প্রবাস

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সিডনিতে ১৮তম হোয়াইট রিবন সচেতনতামূলক সেমিনার

২৬ নভেম্বর ২০২৬, ৬:৫৭:৫৮

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সিডনিতে ১৮তম হোয়াইট রিবন সচেতনতামূলক সেমিনার

অস্ট্রেলিয়ার সিডনিতে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে ১৮তম ‘হোয়াইট রিবন’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় লাকেম্বার ধানসিঁড়ি রেস্টুরেন্টের হলরুমে ‘নবধারা অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডনির বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রভাতী বার্তাকে গুগল পছন্দে যুক্ত করুন!

নবধারা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং প্রথম বাংলাদেশি ‘হোয়াইট রিবন অ্যাম্বাসেডর’ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ। নাসিম সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ সাউথ ওয়েলস সরকারের মাল্টিকালচারাল পলিসি অ্যান্ড এনগেজমেন্ট বিভাগের লিয়াজোঁ অফিসার ডেলাইলা শিনকো, মাল্টিকালচারাল কমিউনিটি ওয়ার্কার রোজানা হাসান, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসাইন চৌধুরী, রাজ দত্ত এবং লেবানিজ কমিউনিটি নেতা টনি মোবারক। এ ছাড়া আলোচনায় অংশ নেন রিলায়েবল কলেজ অব নার্সিংয়ের সিইও মোহাম্মাদ আবদুল মতিন, সাংবাদিক আতাউর রহমান, মাসুম বিল্লাহ, মোহাম্মাদ জসিম উদ্দিন এবং রেজিস্টার্ড নার্স সুফিয়া কোরাশীসহ আরও অনেকে।

বক্তারা নারী ও শিশুদের ওপর সহিংসতা বন্ধে কেবল আইনের কঠোর প্রয়োগ নয়, বরং পারিবারিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, অস্ট্রেলিয়ার মতো একটি বহুসাংস্কৃতিক সমাজে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা বিবেচনায় নিয়ে সচেতনতামূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জন্য আইনি ও মানসিক সহায়তা নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

উল্লেখ্য, নবধারা অ্যাসোসিয়েশন গত এক দশক ধরে নিয়মিতভাবে হোয়াইট রিবন কর্মসূচি পালন করে আসছে। হোয়াইট রিবন মূলত একটি আন্তর্জাতিক আন্দোলন, যা নারী ও শিশুদের প্রতি সহিংসতা রুখতে পুরুষদের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক সমতা প্রতিষ্ঠায় কাজ করে। অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ বিনির্মাণে এই কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রভাতী বার্তার সর্বশেষ খবর পেতে
Google News অনুসরণ করুন
Follow ★

আরও খবর:

বিবিধ